জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন কুঁড়ির ১০ ইভেন্ট

- সর্বশেষ আপডেট ১২:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 97
স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষ করে তুলতে নতুন কুঁড়ি প্রতিযোগিতার ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ক্রীড়াবিদদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো খেলোয়াড় যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে কাজ করছে সরকার। খেলোয়াড়দের সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য।
তিনি জানান, ক্রীড়া কার্ডে আরও সুযোগ-সুবিধা যুক্ত করতে বিভিন্ন ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। এসব উদ্যোগের মাধ্যমে খেলোয়াড়দের খেলায় মনোযোগী হওয়ার সুযোগ তৈরি করতে চায় সরকার।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ ও সাফল্য বাড়াতে এশিয়ান গেমস ও অলিম্পিককে সামনে রেখে সারা বছর প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করা হবে। আগামী জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী।
নতুন কুঁড়ি প্রতিযোগিতার ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, এর ফলে শিক্ষার্থীরা স্কুল থেকেই খেলাধুলায় দক্ষ হয়ে ওঠার সুযোগ পাবে।
এ ছাড়া দেশের ক্রীড়াঙ্গনে অতীতে অবদান রাখা সাবেক ক্রীড়াবিদদের প্রথমবারের মতো ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে এ ভাতা কার্যক্রম শুরু হবে বলে জানান মো. আমিনুল হক।































