মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের তদন্তের নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৮:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 17
মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগের সরকারের সময়ে বিভিন্ন প্রকল্পে অর্থ অপচয় ও অনিয়মের অভিযোগ উঠেছে, তাই মসজিদভিত্তিক তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র বের করা হবে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মবিষয়ক মন্ত্রীর পক্ষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জয়নুল আবেদীন ফারুক তার নির্বাচনি এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলা মডেল মসজিদের নির্মাণ ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, শুরুতে এ প্রকল্পের ব্যয় ১৩ কোটি টাকা নির্ধারণ করা হলেও পরে তা বেড়ে ২১ কোটিতে দাঁড়ায়। এ ব্যয় বৃদ্ধির পেছনে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা জানতে চান তিনি।
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে। কোন মসজিদ নির্মাণে কত ব্যয় নির্ধারণ করা হয়েছিল, কত ব্যয় হয়েছে এবং মোট কতটি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে—এসব বিষয় পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, মডেল মসজিদ প্রকল্প একটি ভালো উদ্যোগ হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া ও ব্যয় বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই প্রকল্পে পদ্মা সেতু প্রকল্পের মতো একই মাত্রার দুর্নীতি হয়েছে—এমন দাবি তিনি করছেন না।
সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তার নির্বাচনি এলাকার একটি মডেল মসজিদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দুর্গাপুর মডেল মসজিদটি এমন স্থানে নির্মাণ করা হয়েছে, যেখানে যেতে মুসল্লিদের সেতু পার হতে হয়। এতে স্থানীয়দের ব্যবহারে অসুবিধা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে অনেক সময় শুরুতে ব্যয় নির্ধারণের পর তা বাড়ানো হয়েছে এবং বাস্তবায়নের সময়ও দীর্ঘায়িত হয়েছে। এসব বিষয়ে সামগ্রিকভাবে পর্যালোচনা প্রয়োজন।






























