চট্টগ্রাম ছাড়া এইচএসসি সূচিতে পরিবর্তন নেই
- সর্বশেষ আপডেট ১০:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 28
বন্যা পরিস্থিতির কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকছে। তবে দেশের বাকি ১০টি শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় একটি বোর্ডের পরিস্থিতির কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার রাতে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের ১১টি শিক্ষা বোর্ডের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম অঞ্চলে অতিবৃষ্টিজনিত বন্যায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ায় শুধু ওই বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ কেন্দ্রে পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিবেশ রয়েছে বলে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সে কারণেই পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার বিরূপ আবহাওয়ার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে কিছুটা ভোগান্তি হলেও স্থানীয় প্রশাসন, কেন্দ্র কর্তৃপক্ষ ও অভিভাবকদের সহযোগিতায় সবাই সময়মতো পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, বারবার পরীক্ষা স্থগিত হলে শিক্ষার্থীদের ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।
শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার পাশাপাশি পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।






























