হাইকোর্টের আদেশ স্থগিত
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চালাতে বাধা নেই

- সর্বশেষ আপডেট ০১:০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 9
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নিয়ম, পদ্ধতি ও আইন অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত জানান।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগের আদেশের ফলে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব বিধিবিধান ও পদ্ধতি অনুসরণ করে ভর্তি কার্যক্রম চালাতে পারবে।
এর আগে, ১৮ নভেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে ভর্তি আবেদনের অনলাইন পোর্টাল চালু রাখা এবং বিকল্পভাবে সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ১৯ নভেম্বর চেম্বার আদালত আবেদনটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন। সোমবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন। পাশাপাশি সংশ্লিষ্ট রুল দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম ও আইনজীবী কামরুন নাহার মাহমুদ।
উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে (চতুর্থ বিষয় ছাড়া) অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ের দাবিতে ১২ নভেম্বর রিটটি করেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ।

































