লাইনচ্যুত একতা এক্সপ্রেস, বন্ধ উত্তরাঞ্চলের ট্রেন চলাচল
- সর্বশেষ আপডেট ০৮:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 25
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেসের দুটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-উত্তরাঞ্চল রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলপথে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের আগেই লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, দ্রুত লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে রেল যোগাযোগ চালুর চেষ্টা চলছে।
এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভুঁইয়াকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।






























