বাগেরহাটে ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা
- সর্বশেষ আপডেট ০২:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 180
বাগেরহাটের শরণখোলায় জামায়াতকর্মীদের পিটুনিতে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম (৩২) নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের মডেল বাজারে এই পিটুনির ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জামায়াতকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় পিটুনিতে সাগর হাওলাদার নামে এক বিএনপি সমর্থক আহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর উপজেলাজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
নিহত মাসুম সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের প্রয়াত বিএনপি নেতা আব্দুল মজিদ হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
লাশের ময়নাতদন্ত সোমবার দুপুরে জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে মাসুম মালয়েশিয়ায় চলে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোট দিতে সেখান থেকে বাড়িতে আসেন। নিহতের ভাই শহিদুল ইসলাম হাওলাদার ১৬ জনের নাম উল্লেখ করে সোমবার শরণখোলা থানায় হত্যা মামলা করেছেন।


































