ধর্মভিত্তিক রাজনীতি প্রত্যাহারের আহ্বান

- সর্বশেষ আপডেট ১০:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 173
ধর্মভিত্তিক রাজনীতি প্রত্যাহার করে সকল রাজনৈতিক দলগুলোর কমিটিতে নারীর অর্ন্তভূক্তি ৩৩% নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বক্তারা। নির্বাচনে ব্যবহৃত অর্থ বন্টনের প্রক্রিয়ার তদারকি, জনগণের সাথে প্রার্থীদের কার্যকর যোগাযোগ নিশ্চিত, সম্পত্তিতে নারীর সমঅধিকার নিশ্চিতে জোর দিয়েছেন। তৃণমূল নারী ও শ্রমজীবী নারীদের সম্পৃক্ত এবং নারীর রাজনৈতিক আন্দোলনকে শক্তিশালী করে অধিকার আদায়ের পথকে দৃঢ় করার দাবি জানিয়েছেন।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে “নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক ক্ষমতায়ন’’ বিষয়ে রাজনৈতিক দলের নারী কর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।
বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। মতবিনিময় সভায় উপস্থিত রাজনৈতিক দলের নারী কর্মীদের মধ্যে বক্তব্য দেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য লূনা নূর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শম্পা বসু, নারীমুক্তি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলি শিকদার; ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কর্মী মিশকাতুল মাশিয়াত, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, বাংলাদেশ নারী মুক্তি সংসদের যুগ্ম আহ্বায়ক শাহানা ফেরদৌসী লাকি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তিলোত্তমা ইতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক মনীষা চক্রবর্তী এবং সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মাকসুদা আখতার লাইলী প্রমুখ।
রাবেয়া খাতুন শান্তি বলেন, রাজনৈতিক প্রক্রিয়া থেকে নারীকে দূরে রাখার প্রক্রিয়া ঐতিহাসিকভাবে চলমান। অসম ক্ষমতার কাঠামোর উপর ভিত্তি করে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও ধর্মীয় বিধিনিষেধ সত্ত্বেও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নারীর উপস্থিতি দৃশ্যমান। নির্বাচনী রাজনীতিতেও নারী ভোটাররা একটি নিয়ামক শক্তি হিসাবে ভূমিকা পালন করছে। কিন্তু রাজনৈতিক দলের অভ্যন্তরে এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অবস্থান প্রান্তিক। বাংলাদেশ মহিলা পরিষদের দীর্ঘদিনের বাস্তব কাজের অভিজ্ঞতা বলে- সমাজে ও রাষ্ট্রে নারী-পুরুষের সমতার বিষয়টি কার্যকর করতে হলে ‘রাজনীতিতে নারীর অবস্থান’ ও ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিশেষ গুরুত্বপূর্ণ।
বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা শুধু ভোটার নন, তাঁরা রাজনৈতিক কর্মী, সংগঠক, জনপ্রতিনিধি, আন্দোলনের নেতৃত্বদানকারী এবং রাষ্ট্র নির্মাণের অংশীদার। নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং বৈষম্যহীন সমাজ গঠনে নারী রাজনৈতিক কর্মীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা শুধু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্বই করেননা, গণতান্ত্রিক জবাবদিহীমূলক সমাজ ও রাষ্ট্র গঠনেও তাঁরা বিশেষ ভূমিকা রাখেন। দলীয় রাজনীতির গন্ডি অতিক্রম করে নারীর অধিকারভিত্তিক অভিন্ন কিছু দাবির পক্ষে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। বিশেষ করে নারীর প্রতি বৈষম্যপুর্ণ পারিবার আইন সংস্কার, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ এর পূর্ণঙ্গ বাস্তবায়নের জন্য নারী আন্দোলনের সাথে রাজনৈতিক দলের নারী কর্মীরাও সোচ্চার হতে পারে। গণতন্ত্রের সাথে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়টি ওত প্রতোভাবে জড়িয়ে আছে-উল্লেখ করে রাজনৈতিক ক্ষমতার কাঠামোকে অর্ন্তভূক্তিমূলকভাবে গড়ে তোলার মাধ্যমে গণতন্ত্র কে শক্তিশালী করতে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে কয়েকটি সুপারিশ উপস্থাপন করা হয়। সুপারিশসমূহ হলো: গণতান্ত্রিক বৈষম্যমুক্ত, সমতাপূর্ণ, অসাম্প্রদায়িক সমাজ, রাষ্ট্র গড়তে নারীকে অবশ্যই নির্বাচনে, রাজনীতিতে অংশগ্রহণের নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে; প্রধিনিধিত্বশীল, গণতান্ত্রিক শাসন কাঠামোতে এক তৃতীয়াংশ নারীর অংশগ্রহণ স্থানীয় সরকারের মতো জাতীয় সংসদ নির্বাচনের বিধান রাখতে হবে। নির্বাচনী সংস্কৃতির আমূল পরিবর্তন করতে হবে। নির্বাচনকালীন সময়ে এবং নির্বাচনকে কেন্দ্র করে নারীকে সুরক্ষা দিতে হবে। জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোতেও নারীর অবস্থান সুদৃঢ় করতে হবে। নারীকে রাজনৈতিক দলে শুধু ব্যবহার নয়, সকল প্রক্রিয়ায় নারীকে সম্পৃক্ত করতে হবে। সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ২০২৩ (সংশোধনী) অনুসারে প্রত্যেক রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি সহ সকল স্তরের কমিটিতে ৩৩% নারীদের জন্য সংরক্ষিত থাকতে হবে- এই লক্ষ্য রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে থাকতে হবে ও অনুসরণ করতে হবে এবং এটি পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
লূনা নূর বলেন, ২৪ এর আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া আকাঙ্খার বিপরীতে নারীরা বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নারীর ক্ষমতায়নের জন্য সিডও সনদ বাস্তবায়ন, অভিন্ন পারিবারিক আইন প্রণীত হওয়া দরকার। নারীর রাজনীতিতে অংশগ্রহণে সক্ষমতা বৃদ্ধির জন্য রাজনৈতিক দলগুলোকে অভ্যন্তরীণ কর্মসূচি গ্রহণ করতে হবে। রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বৈষম্য সৃষ্টি রোধ করতে রাষ্ট্রতে তৎপর হতে হবে। নির্বাচনে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে নির্বাচন ব্যবস্থা নিয়ে নাগরিক সমাজকে আরো সক্রিয় হতে হবে।
শম্পা বসু বলেন, রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ প্রক্রিয়ায় টাকার প্রভাব ও পেশী শক্তির দৌরাত্মে নারীকে বাদ দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য লিঙ্গীয় বৈষম্য ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে নারীকে লড়াই করতে হবে।
মিশকাতুল মাশিয়াত বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার এতবছর পরেও নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে কথা বলতে হয়। এর বড় কারণ হচ্ছে এখন ও দেশের বেশির ভাগ মানুষ নারীকে দ্বিতীয় শ্রেনীর নাগরিক হিসেবে বিবেচনা করে। এই মানসিকতা থেকে দেশের বেশিরভাগ মানুষকে বের করে নিয়ে আসা সম্ভব না হলে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। নারীর প্রতি বৈষম্যের প্রক্রিয়া ঐতিহাসিকভাবে চলমান। দেশের অগ্রগতিতে নারীরা কোথায় কিভাবে অবদান রেখেছে এই বিষয়ে নথিভূক্ত কোন ডকুমেন্ট দেশের নাগরিকের হাতে নেই। প্রতিটি আন্দোলন সংগ্রামে সহযোদ্ধা হিসেবে নারীর অবদানের বিষয়টি নথিভূক্ত করার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, মৌলবাদ প্রতিহত করতে বলপ্রয়োগের চাইতে সামাজিক প্রক্রিয়া পরিবর্তনে কাজ করতে হবে। পিছিয়ে পড়া নারীদের সমস্যা চিহ্নিত করে তাদের জন্য কাজ করতে হবে।
জলি তালুকদার বলেন,নারীদের নিজস্ব দলগুলোতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কার্যকরভাবে অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশে মূল ভিত্তি নারী ও শ্রমিককে নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসতে হবে।
মনীষা চক্রবর্তী বলেন, দলের মধ্যে নারী নেতৃত্ব তৈরিতে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। সরাসরি প্রগতিশীল বামপন্থী রাজনৈতিক শক্তি শক্তিশালী না হলে, পুজিঁবাদ বিরোধী আন্দোলন না হলে নারী মুক্তি ঘটবে না। পরিবার প্রথা পরিবর্তিত না হলে নারীর প্রতি বৈষম্য যাবেনা। লুটেরাদের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, নারীর ভোটাধিকার হয়েছে। তবে সমাজের উপর নির্ভর করে নারীর রাজনৈতিক ক্ষমতা কতটা কার্যকর। পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে আমাদের লড়াই। পাশাপাশি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করতে হবে। আইন আছে কিন্তু আইনকে ধর্মীয় বেড়াজাল থেকে মুক্ত করা না গেলে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আইনের কার্যকর প্রয়োগ সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর মানবাধিকার ইস্যূ ক্রমান্বয়ে কেন্দ্রে আসছে পৃথিবীর স্থায়িত্ব ও উন্নয়নের জন্য। কিন্তু নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নয়। বিশ্বব্যাপী নারী আন্দোলন একটি এজেন্ডা হলেও নারীর কথা নারীকেই বলতে হয়। নারীমুক্তির প্রশ্ন সামনে আসছে কিন্তু তার পথটা যথাযথ ভাবে নিশ্চিত হচ্ছেনা।
একটি গণতান্ত্রিক, সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এসময় আরো বলেন, নারী আন্দোলনকে রাজনীতিকে সাথে নিয়েই কাজ করতে হবে। নারী আন্দোলন গণনারীর আন্দোলন হতে হবে,এজন্য রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে বের হয়ে গণনারী হিসেবে কাজ করতে হবে। নারীর সামাজিক শক্তিকে সংগঠিত করতে হবে। সামাজিক পরিবর্তনকে গুরুত্বদিয়ে দেখতে হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রশ্নে এখনো আমরা ঐক্যবদ্ধ। তবে স্বাধীনতার পর থেকে গণআন্দোলন কমে যাওয়া সমাজকে কিছুটা পেছনে নিয়ে গেছে। তিনি এসময় নারী আন্দোলনকর্মী ও নারী রাজনৈতিক কর্মীদের মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখতে কক্কাস গঠনের প্রস্তাব জানান।
মালেকা বানু বলেন,
প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ মহিলা পরিষদ লিঙ্গসমতা, নারী মানবাধিকার এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। দীর্ঘদিনের নারী আন্দোলনের ফলে নারীবান্ধব বিভিন্ন আইন, নীতি ও কর্মপরিকল্পনা প্রণীত হলেও প্রকৃত অর্থে নারী-পুরুষের সমতা এবং সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর সমঅংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ থাকলেও রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিগুলোতে তাদের প্রতিনিধিত্ব এখনও খুবই সীমিত। এ কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশ মহিলা পরিষদ রাজনৈতিক দলের সকল স্তরের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে নারীর রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নে যে পশ্চাদপসরণ লক্ষ্য করা গেছে, বিশেষ করে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি উপেক্ষিত হওয়া এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নারীর মনোনয়নের বিষয়ে পর্যাপ্ত ইতিবাচক অবস্থান না নেওয়া উদ্বেগজনক। এটি নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তিনি বলেন, নারী আন্দোলনের দাবিগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত অপরিহার্য। তিনি এসময় রাজনৈতিক দলের ভেতরে নারী অধিকার, লিঙ্গসমতা এবং বৈষম্য দূরীকরণের প্রশ্নগুলোকে আরও জোরালোভাবে তুলে ধরতে নারী নেত্রীদের গুরত্ব¡পূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি নারী রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে বলেন দলের মধ্যে নারীবিরোধী মনোভাব নির্মূল করতে হবে; নারীনেতৃত্ব কে সামনে নিয়ে আসতে হবে।
সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী।































