যে কারণে ২ সাংবাদিকসহ ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- সর্বশেষ আপডেট ০৭:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 87
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব ও অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে। রোববার রাষ্ট্রসংলাপ ফোরাম নামে একটি সংগঠন এ অভিযোগ দাখিল করে।
অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অভিনয় ও সংস্কৃতি অঙ্গনের ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের তালিকায় রয়েছেন কারাবন্দী সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এছাড়া অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা ও হিরো আলমের নাম রয়েছে।
চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দেওয়ার পর রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে এসব ব্যক্তি প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দিয়েছেন বলে তাদের অভিযোগ। বিষয়টি নিরপেক্ষ ও আইনানুগভাবে তদন্তের দাবি জানান তিনি।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তবে অভিযোগের বিস্তারিত এখনো পর্যালোচনা করেননি। অভিযোগটি তদন্ত সংস্থায় পাঠানো হবে এবং তারা বিষয়টি যাচাই করবে।





























