বাংলাদেশের ব্লু ইকোনমিতে ইউরোপের বিনিয়োগ আগ্রহ
- সর্বশেষ আপডেট ০৯:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 6
বাংলাদেশের সমুদ্রসম্পদভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমিতে বিনিয়োগ করতে ইউরোপের বিভিন্ন দেশ আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ বিষয়ে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তিনি।
রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
বিদেশি বিনিয়োগে বিদ্যমান জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বিনিয়োগকারীদের জন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে। দেশি-বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও দেশে বিনিয়োগ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
তিনি বলেন, গত কয়েক বছরে অর্থনীতির বিভিন্ন খাতে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে একটি গতিশীল অর্থনীতি গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করছে।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, তৈরি পোশাক ও টেক্সটাইল, কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। পাশাপাশি কুটির শিল্প, সৃজনশীল অর্থনীতি, প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোগ এবং খেলাধুলার ক্ষেত্রেও বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে।
ব্লু ইকোনমি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রসম্পদনির্ভর অর্থনীতি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে। ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আরও জানান, চীন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে। বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া, যা নির্দিষ্ট কোনো সময় বা পরিস্থিতির ওপর নির্ভর করে না।
































