গণতন্ত্রের সংকটে জনগণের আস্থা বিএনপির ওপর: জাহিদ
- সর্বশেষ আপডেট ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 81
দেশে গণতন্ত্র সংকটে পড়লেই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ এবং ২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপটেও জনগণ বিএনপির প্রতিই বিশ্বাস প্রকাশ করেছে।
সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মরণ এবং আহত যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা এবং ১৯৭৫ সালের সিপাহী বিপ্লবের পর জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতৃত্বে নিয়ে আসে। একইভাবে ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও জনগণের আস্থা বিএনপির দিকেই ছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের কোনো স্থান থাকবে না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রয়োজনীয় সহায়তা দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান হঠাৎ করে ঘটেনি। গত ১৭ বছরে বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন, গুম, খুন ও দমন-পীড়নের ধারাবাহিকতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল এই আন্দোলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের জনঅসন্তোষের বহিঃপ্রকাশ। এটি কোনো একক সংগঠনের আন্দোলন নয়; দেশের কোটি মানুষের অংশগ্রহণেই এর সফল পরিণতি এসেছে।
অনুষ্ঠানে জুলাই শহীদ ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনের মা, সেলিম তালুকদারের বাবা এবং আতিক আহমেদের বড় ভাই তাদের স্বজন হারানোর বেদনাদায়ক স্মৃতি তুলে ধরলে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এতে জুলাই যোদ্ধা এবং জেটেবের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারাও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম।





























