খাগড়াছড়ি-রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ চলছে
- সর্বশেষ আপডেট ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 20
সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ শুরু করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে এ অবরোধ শুরু হয়। এতে খাগড়াছড়ির নয়টি উপজেলায় সড়কে যানবাহন চলাচলও তুলনামূলক কমে গেছে।
অবরোধের সমর্থনে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় টায়ারে আগুন দেওয়া হয়। এ সময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। এ ছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি, পানছড়ি সড়ক ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন দেওয়া হয়েছে।
তবে শনিবার সকাল পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চলছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, অবরোধের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। শহরের চেঙ্গী স্কয়ার, স্বনির্ভর, জিরো মাইল ও আলুটিলাসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশের দুটি মোবাইল টিম দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, ঢাকা থেকে আসা রাতের বাসগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে।




























