‘সমঝোতা না করলে লাশ পড়ে থাকবে’, মামলার বাদীকে হুমকি
- সর্বশেষ আপডেট ০১:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 56
রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এর মধ্যেই শনিবার সকালে প্রতিষ্ঠানটির দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মামলার বাদী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আফসার উদ্দিন জানান, শুক্রবার রাত ১১টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে তাঁকে ফোন করে মামলার বিষয়ে সমঝোতা করতে বলা হয়। রাজি না হলে হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি পুলিশ ও নিজের প্রতিষ্ঠানকে জানিয়েছেন তিনি।
আফসার উদ্দিনের সঙ্গে হুমকিদাতার কথোপকথনের একটি অডিওতে শোনা যায়, ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে মামলার বাদী হওয়া নিয়ে প্রশ্ন করা হয়। একপর্যায়ে অশ্লীল ভাষায় গালাগাল করে শনিবারের মধ্যে যোগাযোগ করে সমঝোতা না করলে তাঁর লাশ পড়ে থাকবে বলে হুমকি দেওয়া হয়। হুমকিদাতা নিজের পরিচয় জানতে চাওয়ার জবাবে তাঁকে গালাগাল করেন। আফসার উদ্দিন জানান, তিনি প্রতিষ্ঠানের মালিক নন। তখন হুমকিদাতা প্রশ্ন করেন, মালিক না হলে তিনি মামলার বাদী হলেন কীভাবে। এরপর ফোন কেটে দেওয়া হয়।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দাবি করে, এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে। হামলার সময় কয়েক লাখ টাকার পণ্য ও সিসিটিভি ক্যামেরা নিয়ে যাওয়া হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য, হামলাকারীরা নিজেদের ইমনের লোক বলে পরিচয় দিয়েছিল। দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নেয় প্রতিষ্ঠানটি। তবে এখন থেকে জমির ভাড়া ইমনকে দিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে শনিবার সকালে প্রতিষ্ঠানটির দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানান আফসার উদ্দিন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মামলার বাদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অডিওটি যাচাই করা হচ্ছে। এ ঘটনাকেও মামলার তদন্তের আওতায় আনা হয়েছে।
































