পিছিয়ে গেল এসএসসির ফল
- সর্বশেষ আপডেট ০২:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 33
লাখো শিক্ষার্থী ও অভিভাবকের প্রতীক্ষায় নতুন মোড়। বহু প্রতীক্ষিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। নির্ধারিত তারিখে ফল না আসায় তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। তবে শিক্ষা বোর্ড বলছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চলছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। সেই অনুযায়ী সব শিক্ষা বোর্ড প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ সময়মতো শেষ করা সম্ভব হয়নি। ফলে কয়েক দিনের জন্য পিছিয়ে গেছে ফল প্রকাশ।
নতুন তারিখ এখনো চূড়ান্ত না হলেও বোর্ড চেয়ারম্যানের আশা, চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
এর আগে গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় নিবন্ধন করেছিলেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায়ের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষা বোর্ড বলছে, চূড়ান্ত তারিখ খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।


































