থামছেই না হামের তাণ্ডব, আরও ৪ শিশুর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৯:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 20
দেশজুড়ে ভয়াবহ আকার নিয়েছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪ জনে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া চার শিশুর মধ্যে একজন ঢাকায় এবং তিনজন সিলেট বিভাগে মারা গেছে। এখন পর্যন্ত মোট ৭৮৪ মৃত্যুর মধ্যে ৯৫ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল। বাকি ৬৮৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৯৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ৯৭, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৬, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, খুলনায় ৩১ এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে ৬৯৯ শিশু। তাদের মধ্যে ৬৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৪৯৮ শিশু।
বর্তমানে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩২ জন, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ১১৫, সিলেটে ৬৬, খুলনায় ৩৮, ময়মনসিংহে ২২, রাজশাহীতে ২১ এবং রংপুরে ১১ জন রয়েছে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। তাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৭১০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৩১৮ জনের হাম শনাক্ত হয়েছে। পরীক্ষাগারে নিশ্চিত রোগীর সংখ্যা ৪ হাজার ৬৯৩।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।





































