ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ
- সর্বশেষ আপডেট ০৯:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 28
ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের জন্য জারি হলো কড়া নির্দেশনা। চা-দোকানে আড্ডা, অকারণে ঘোরাঘুরি এবং স্কুল-কলেজ ক্যাম্পাসে অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, শৃঙ্খলা, জননিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় টানা দুই দিন মাইকিংও করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে নির্দেশনা মেনে চলতে হবে। শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় আড্ডা এড়িয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘আড্ডা নয়, শিক্ষাই হোক প্রধান অগ্রাধিকার।’
জানা গেছে, গত ১২ জুলাই জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। ওই সভাতেই সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও অকারণে ঘোরাঘুরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সে সিদ্ধান্তের আলোকে শুক্রবার ও শনিবার ফেনী জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরজুড়ে মাইকিং করা হয়। প্রচারণায় জানানো হয়, সন্ধ্যার পর কোনো ছাত্রছাত্রীকে অকারণে বাইরে ঘোরাঘুরি, চা-দোকানে আড্ডা দেওয়া বা স্কুল-কলেজ ক্যাম্পাসে অবস্থান করতে দেখা গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন জানান, শনিবার জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সংশোধিত বার্তা দিয়ে মাইকিং করা হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রচারণা অব্যাহত থাকবে।































