ট্রাকসহ ভেঙে পড়ল সেতু, রাঙ্গামাটি-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

- সর্বশেষ আপডেট ০৬:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 98
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ইটবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৮ জুলাই) দুপুরে কাউখালী-রানীরহাট সড়কের সাহেব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইটবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে হঠাৎ করে সেতুর পাটাতন ভেঙে ট্রাকসহ নিচে পড়ে যায়।
ঘটনার পর থেকেই কাউখালী উপজেলা সদরের সঙ্গে রাঙ্গামাটি জেলা সদর ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। ট্রাক সরানোর পর দ্রুত ব্রিজের পাটাতন মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালী-রানীরহাট সড়কটি রাঙ্গামাটি ও চট্টগ্রামের সঙ্গে উপজেলার একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক থেকে কাউখালী উপজেলা সদর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে রয়েছে চারটি বেইলি ব্রিজ।
তবে দীর্ঘদিন ধরে এসব ব্রিজ জরাজীর্ণ অবস্থায় থাকলেও সাময়িক মেরামত ও জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এর আগে এই সড়কের দুটি বেইলি ব্রিজের জায়গায় নতুন কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু হলেও তা চলছে ধীরগতিতে। এর মধ্যেই সাহেব নগরের ব্রিজ ভেঙে পড়ায় নতুন করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সড়ক বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এই ব্রিজটিও কংক্রিটের সেতুতে রূপান্তরের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে বর্ষা মৌসুম শুরু হওয়ায় নির্মাণকাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।
স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কের পুরোনো বেইলি ব্রিজগুলো দ্রুত সংস্কার ও নতুন সেতু নির্মাণ না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
































