গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানের ইঙ্গিত এনসিপির

- সর্বশেষ আপডেট ০৬:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 82
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, সরকার যদি জনগণের দেওয়া রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে গণআন্দোলন এমনকি গণঅভ্যুত্থানের পথেও যেতে বাধ্য হবে তার দল।
শনিবার (১৮ জুলাই) বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এ হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দিইনি। হরতাল-অবরোধের মতো কর্মসূচিতেও যাইনি। কিন্তু পরিস্থিতি সেই দিকে গেলে যেকোনো সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত।”
তিনি অভিযোগ করেন, গণভোটে সংস্কারের পক্ষে জনগণের রায় পাওয়ার পরও সরকার জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
নাহিদ বলেন, “গণভোটে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। অথচ এখনো জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না। মুখে বলা হচ্ছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে, কিন্তু কাজে তার প্রতিফলন নেই।”
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের দেওয়া ক্ষমতার অর্থ এই নয় যে ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়া যাবে। জনগণের সঙ্গে কোনো ধরনের ছলনা বা প্রতারণা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াইয়ের দাবি করলেও ৫ আগস্টের পর দলটি সংস্কারের প্রশ্নে ভিন্ন অবস্থান নিয়েছে। তার অভিযোগ, বিএনপি মূলত ক্ষমতার জন্যই আন্দোলন করেছে।
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের সময় তারা আমাদের সঙ্গে ছিল, কিন্তু এখন ক্ষমতায় এসে সংস্কারের কথা ভুলে গেছে।”
সমাবেশ থেকে নাহিদ ইসলাম জানান, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে তাদের আন্দোলনের প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি কোন দিকে যাবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুকে কেন্দ্র করে নতুন করে রাজপথের রাজনীতি উত্তপ্ত হওয়ার আভাস দিচ্ছে এনসিপির এই অবস্থান।































