রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
- সর্বশেষ আপডেট ১২:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 135
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল সোমবার রাত পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবুবাগানে এই অভিযান চালায়।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, অভিযান চলাকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান র্যাব সদস্যরা। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে, এমন সন্দেহ হলে ঘটনাস্থলে র্যাব-৫-এর বম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তা দুটি পরীক্ষা করে ২১টি ককটেলসদৃশ বস্তু শনাক্ত করেন।
এ ছাড়াও একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি হাঁসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়। ঘটনাস্থলে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এসব ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। তাই প্রাথমিক অনুসন্ধানেও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।


































