বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: গ্রেফতার ৩
- সর্বশেষ আপডেট ০৪:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 31
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার তিনজনই ঢাকা থেকে ভাড়া করে আনা পেশাদার অপরাধী।
বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন জাহাঙ্গীর। এ সময় তার সঙ্গে থাকা হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এরপর জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. হেলাল (বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতানের ছেলে), মহিউদ্দিন ও জাকির। পুলিশের প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, তারা ভাড়াটে অপরাধী চক্রের সদস্য। তবে হত্যার পেছনে কারা রয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে, তা জানতে তদন্ত চলছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার বলেন, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হবে।




































