‘প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হতো’: প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৭:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 25
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে এবং প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হতো। তিনি বলেন, এই অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশের মানুষের বহু সমস্যার সমাধান অনেক আগেই সম্ভব হতো।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি, কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, উচ্ছেদ বন্ধ এবং ঋণ সুবিধাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে কোনো জাতি-গোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি বড় সংকটে পড়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার ধাপে ধাপে সমাধানযোগ্য সমস্যাগুলোর সমাধানে কাজ করছে।
স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কিডনি ডায়ালাইসিস ও হার্টের রিংসহ জরুরি চিকিৎসা সরঞ্জামের ওপর কর কমানোর উদ্যোগের কথাও উল্লেখ করেন।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য আন্না মিনজ, সংস্কৃতিকর্মী সঞ্জিব দ্রংসহ ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





































