এবারও সাফল্যের শীর্ষে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
- সর্বশেষ আপডেট ০৩:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 105
এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। প্রকাশিত ফলে প্রতিষ্ঠানটির ৯৯ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। কলেজটি থেকে এবার ১ হাজার ৫৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৫৫১ জন।
কলেজ সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থী সাতটি বিষয়ে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থতার কারণে বাকি পরীক্ষাগুলোতে অংশ নিতে না পারায় সে অকৃতকার্য হয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮০ জনের সবাই পাস করেছে। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। মানবিক বিভাগে ৩১১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন।
ফলাফল নিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় বলেন, ফল প্রকাশের সময় যত ঘনিয়ে আসছিল, ততই মনে ভয় কাজ করছিল। তবে নিজের এবং সহপাঠীদের ভালো ফলাফলের বিষয়ে বিশ্বাস ছিল। এ সাফল্যের পেছনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সার্বক্ষণিক তদারকি ও অক্লান্ত পরিশ্রম রয়েছে।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, ভালো ফলাফলের জন্য তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ও বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা এবং গাইড টিচারের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হয়েছে। একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারায় শতভাগ পাসের সাফল্য অর্জন সম্ভব হয়নি।
কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, এ সাফল্যের জন্য প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। এটি শুধু কলেজের নয়, নরসিংদীবাসীর অর্জন। এ ধারাবাহিকতা ধরে রাখতে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।





























