গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবি মোতায়েন
- সর্বশেষ আপডেট ১২:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 81
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়ক ও আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েন দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিভিন্ন কারখানায় কাজে যোগ দেওয়ার পর বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা একে একে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।
অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কটি প্রায় ফাঁকা হয়ে পড়ে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের কেউ ফুটবল, আবার কেউ ক্রিকেট খেলায় মেতে ওঠেন।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে সফিপুর ও আশপাশের এলাকার ১৮টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এর আগে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত একই দাবিতে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রাতে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে রোববার সকাল থেকে আবারও অবরোধ শুরু হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে এ দাবিতে বিক্ষোভ চলছে। এর মধ্যে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিলেও আন্দোলন থামেনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।




























