গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, বিজিবি সদস্য আহত
- সর্বশেষ আপডেট ০২:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 17
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির ধাওয়ার পর সংঘর্ষে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। এ সময় হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। ভাঙচুর করা হয়েছে টেলিভিশন সাংবাদিকের ক্যামেরা।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। টানা চতুর্থ দিনের মতো চলা এ বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১১টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরাতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। জবাবে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে বিজিবির এক সদস্য আহত হন।
পরে বেলা ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
সংঘর্ষের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাপারসন হামলার শিকার হন। তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়। এর আগে আন্দোলন চলাকালে আরও কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিকদের বিক্ষোভের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

























