শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
- সর্বশেষ আপডেট ০৩:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 16
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ব্যারিকেড ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের একটি ভেস্টে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার সামনের সড়কে শ্রমিকরা জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ধাওয়ায় শ্রমিকরা আশপাশের বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। একই দিন মিরপুর-১১ নম্বর এলাকা থেকেও একজনকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো তৃতীয় পক্ষ যাতে নাশকতা, ভাঙচুর কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। এ জন্য এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মিরপুর বিভাগ থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সকাল থেকেই মিরপুর-১০, মিরপুর-১১ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এর মধ্যে রোববার শ্রম মন্ত্রণালয় ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয়।






























