নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
- সর্বশেষ আপডেট ০৩:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 19
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা প্রথমে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে শিবু মার্কেট এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন।
অবরোধে অংশ নেওয়া শ্রমিক লোকমান হোসেন বলেন, ‘আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছি। আমাদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অবরোধের খবর পেয়ে তিনি ফতুল্লা থানার ওসিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।




























