বেনজির প্রত্যর্পণে আমিরাতের দিকে তাকিয়ে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০৮:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 30
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছ থেকে দ্রুত সাড়া আশা করছে বাংলাদেশ।
এ বিষয়ে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যর্পণের নথিপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদের প্রত্যর্পণের জন্য আইন অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।
তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশের পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএই কর্তৃপক্ষের অনুরোধের পর নির্ধারিত ৩০ দিনের সময়সীমার অপেক্ষা না করে তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। এখন দেশটির সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে এবং বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে যাবে।




































