‘হাদী হত্যার আসামিদের ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষায়’
- সর্বশেষ আপডেট ০৭:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 27
শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছ থেকে দ্রুত সাড়া আশা করছে বাংলাদেশ।
তাদের প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাদী হত্যা মামলায় অভিযুক্ত তিন ব্যক্তির বিষয়ে বাংলাদেশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ভারতকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই তিন সন্দেহভাজন বর্তমানে ভারতে আইনি কার্যক্রমের মধ্যে রয়েছেন। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ভারতে বিচারিক কার্যক্রম চললেও তাদের বাংলাদেশে হস্তান্তরের সুযোগ রয়েছে।
তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক সিদ্ধান্তের আশা করছে বাংলাদেশ। দুই দেশের আইনি সহযোগিতার ভিত্তিতে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।


































