জুলাই অভ্যুত্থানের আর্থ-সামাজিক দিক গবেষণার আহ্বান
- সর্বশেষ আপডেট ০৮:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 31
রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের আর্থ-সামাজিক প্রেক্ষাপট নিয়েও বিচার-বিশ্লেষণ প্রয়োজন|
বৃহস্পতিবার ( ১৬ জুলাই) বিকেল ৪টায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলা একাডেমি একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ে বাংলা একাডেমি প্রকাশিত ৩টি বইয়ের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন |
সভায় স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) সমীর কুমার সরকার | জুলাই গণ-অভ্যুত্থানের প্রবন্ধ শীর্ষক বই নিয়ে আলোচনা করেন বইয়ের সম্পাদক লেখক ও গবেষক সহুল আহমদ|
জুলাই গণ-অভ্যুত্থানের গল্প শীর্ষক বই নিয়ে আলোচনা করেন বইয়ের সম্পাদক কথাসাহিত্যিক হুমায়ূন শফিক |
জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া শীর্ষক বই নিয়ে আলোচনা করেন বইয়ের সম্পাদকশিশুসাহিত্যিক আবিদ আজম |
আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও গবেষক শিবলী আজাদ এবং কবি ও রাজনৈতিক বিশ্লেষক তুহিন খান| সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম|
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান|
অনুষ্ঠানের শুরুতে ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়|
সমীর কুমার সরকার বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়| এটি আমাদের গণ-আকাঙ্ক্ষার ফসল| আমাদের জাতীয় জীবনে জুলাই আন্দোলনের যে বহুমাত্রিক ও অপরিসীম তাৎপর্য রয়েছে, তার শৈল্পিক প্রতিফলন ঘটেছে আমাদের লেখক-সাহিত্যিক-গবেষকদের রচনায়|
সহুল আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রবন্ধ সংকলনে অন্তর্ভুক্ত প্রবন্ধগুলোতে নানামাত্রিক দৃষ্টিকোণ থেকে এই অভ্যুত্থানকে দেখা হয়েছে | এই অভ্যুত্থান নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন|
হুমায়ূন শফিক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের গল্প কেবল গল্পই নয়, এগুলো সত্য ইতিহাস | এসব গল্প জুলাইয়ের উত্তাল সময়কে ধারণ করেছে | জুলাই অভ্যুত্থানের বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে এসব গল্পে|
আবিদ আজম বলেন, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে ছড়া, গান ও কবিতা স্ফূলিঙ্গের মতোই আলো ছড়িয়েছে| সে সময় নানারকম ছড়া ও স্লোগান আমাদের ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করেছে| জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া সংকলনে সেই ছড়াগুলো স্থান পেয়েছে|
আলোচকদ্বয় বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া, গল্প ও প্রবন্ধের সংকলনগুলো সে সময়ের চিন্তাচেতনা ও অনুপ্রেরণাকে ধারণ করে আছে| সংকলনগুলোর প্রতিটি লেখাই গুরুত্বপূর্ণ | এগুলো ইতিহাসের অনন্য দলিল | জুলাই গণ-অভ্যুত্থানে সমাজের নানাশ্রেণির মানুষ নানাবিধ তাড়নায় একত্রিত হয়েছিলেন|
অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিচিত্র মাত্রা ছিল, এর ঐতিহাসিক মূল্যও অপরিসীম| এই সংকলনগুলো জুলাইয়ের উত্তাল দিনগুলোর ঘটনাই শুধু নয় বরং এই অভ্যুত্থানের রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও
মনস্তাত্ত্বিক পটভূমিও তুলে ধরে|


































