কিশোরগঞ্জে বিএনপির নেতা হত্যায় তিনজন আটক
- সর্বশেষ আপডেট ০২:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 63
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা সবাই ঢাকা থেকে ভাড়া করে আনা পেশাদার অপরাধী।
পুলিশ জানায়, গত ১৫ জুলাই রাত ৯টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে জাহাঙ্গীর ও তাঁর সহযোগী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয় দুজনকেই।

স্থানীয়রা দ্রুত তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস এখনও চিকিৎসাধীন।
ঘটনার পরই পুলিশ সুপারের নেতৃত্বে শুরু হয় অভিযান। জেলা পুলিশের একাধিক টিম অভিযানে নেমে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন মো. হেলাল, মহিউদ্দিন ও জাকির। এর মধ্যে হেলালের বাড়ি বরগুনার বামনা উপজেলায়। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, তিনজনই ভাড়াটে অপরাধী চক্রের সদস্য।
তবে কারা এই হত্যার নির্দেশ দিয়েছে বা পরিকল্পনা করেছে, সেটি এখনও তদন্তাধীন। পুলিশ বলছে, হত্যার নেপথ্যের মূল হোতাদের শনাক্তে অভিযান চলছে।
পুলিশ সুপার বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা পরিকল্পনা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।”




































