সংবিধান সংশোধনে আবারও গণভোটের উদ্যোগ
- সর্বশেষ আপডেট ০৮:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 40
সংবিধানে মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে আবারও গণভোট আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি মনে করছে, মৌলিক পরিবর্তনের আগে জনগণের মতামত নেওয়া প্রয়োজন। বিদ্যমান সংবিধানেও এ ধরনের পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় বৈঠকে এ অবস্থানের কথা জানানো হয়। বৈঠকে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। দুপুর আড়াইটায় শুরু হয়ে বৈঠক চলে বিকেল সোয়া ৫টা পর্যন্ত।
বৈঠক শেষে দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি সাংবাদিকদের জানান, সংবিধান সংশোধনের পর আবারও গণভোট আয়োজনের কথা জানিয়েছে বিশেষ কমিটি। কমিটির চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যেহেতু এবার সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হবে, তাই সাংবিধানিক বিধান অনুযায়ী গণভোটে যেতে হবে।
বিশেষ কমিটি জানিয়েছে, আগামী বছরের শুরুতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধন বিল পাস করার লক্ষ্য রয়েছে। এ জন্য বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে বিলটি চূড়ান্ত করার কাজ চলছে।
বৈঠকে সাংবাদিকদের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিরোধী দলকে আস্থায় নিয়ে কমিটির বৈঠকে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
মুস্তাফিজ শফি বলেন, বিরোধী দলকে কমিটির বৈঠকে উপস্থিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা জানিয়েছে কমিটি। তারা বৈঠকে অংশ না নিলেও সংসদে সংবিধান সংশোধন বিল নিয়ে আলোচনায় সহযোগিতা করবে বলে আশা করছে বিশেষ কমিটি।
বৈঠকে প্রধানমন্ত্রীর ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার বিষয়েও মতামত দেন সাংবাদিকরা। তাদের মতে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত ক্ষমতা রাষ্ট্র ও জাতির জন্য ইতিবাচক হয়নি। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সংবিধান সংশোধনে ক্ষমতার ভারসাম্যের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।
এ ছাড়া সরকারি নিয়োগে বিদ্যমান বৈষম্য দূর করার উপায় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে যাতে কোনো সরকার সহজে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করতে না পারে, সে জন্য সংবিধানে কঠোর সুরক্ষা রাখার আহ্বান জানানো হয়েছে।


































