জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ

- সর্বশেষ আপডেট ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 147
শেখ হাসিনা ও তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছে করা অনুরোধের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ ঢাকা-৬ আসনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে এখনো ভারতের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। বাংলাদেশ তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়।
তিনি বলেন, দেশে তাদের বিচার হয়েছে। তারা চাইলে আইনি প্রক্রিয়ায় আপিলের সুযোগ পাবেন এবং সুষ্ঠু ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলমান থাকবে। প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত প্রত্যেকের বিচার করা হবে।
তিনি বলেন, যারা গণহত্যা চালিয়েছে এবং মানুষের ওপর গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। গত ১৭ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছেন এবং যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হয়ে নিয়মিত জুম মিটিং করছেন এবং নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ভবিষ্যতে দেশে যাতে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পুনরুত্থান না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
সরকারের বিরুদ্ধে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। এত অল্প সময়ের মধ্যে সরকারের বিরুদ্ধে লংমার্চের ঘোষণা দেওয়ার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার জন্য সরকার সবাইকে আহ্বান জানিয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা সেখানে অংশ না নিয়ে রাজপথে আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানো হবে। এটি সরকারের প্রতিশ্রুতি বলেও জানান তিনি।
গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
































