জাসদ কার্যালয়ে অভিযান, ২৮০-৩০০ জন আটক

- সর্বশেষ আপডেট ০৮:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 194
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮০ থেকে ৩০০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাসদ কার্যালয়ে অভিযান চালানো হয়। সেখানে একটি বৈঠক চলছিল বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাসদ কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, প্রায় ২৮০ থেকে ৩০০ জনকে আটক করা হয়েছে। পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাসদের ওই কর্মী সম্মেলনের জন্য অনুমতি ছিল কি না; এ বিষয়ে জানতে চাইলে ডিসি হারুন অর রশীদ সরাসরি কোনো মন্তব্য করেননি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































