আমরাই পারি জোটের বিবৃতি
বাংলাদেশে প্রতিদিন গড়ে ৭১ শিশু নিখোঁজ

- সর্বশেষ আপডেট ০৭:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 254
দেশে গত সাত মাসে প্রায় ১৫ হাজার শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। জোটের দাবি, এ সময়ে গড়ে প্রতিদিন প্রায় ৭১টি শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে নারী ও শিশুর প্রতি ধর্ষণ, যৌন নিপীড়ন, হত্যা, পারিবারিক নির্যাতন, সাইবার সহিংসতা, অপহরণ ও পাচারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে সংগঠনটি।
রোববার এক বিবৃতিতে জোট জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত তিন মাসে দেশে ১৬৫ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। অন্যদিকে, গত সাত মাসে প্রায় ১৫ হাজার শিশুর নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
পুলিশের তথ্যের বরাত দিয়ে জোটটি জানায়, নিখোঁজ শিশুদের মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে অথবা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে নিখোঁজ শিশুদের একটি অংশের এখনো সন্ধান পাওয়া যায়নি।
জোটের মতে, এসব পরিসংখ্যান নারী ও শিশুদের নিরাপত্তা, জীবন ও মর্যাদা রক্ষায় বিদ্যমান ঝুঁকির চিত্র তুলে ধরে। সম্প্রতি ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাও নারী ও শিশু নির্যাতন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আমরাই পারি জোট মনে করে, নারীর প্রতি সহিংসতাকে কোনোভাবেই ব্যক্তিগত বা পারিবারিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি মানবাধিকার ও মর্যাদার প্রশ্ন। কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে নারী নির্যাতনের গুরুতর অভিযোগ উঠলে তাঁর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী অভিযোগের সত্যতা যাচাই ও জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
জোট নারী ও শিশুর প্রতি সহিংসতাকে জাতীয় জরুরি ইস্যু হিসেবে ঘোষণা করে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছে। ধর্ষণ, যৌন সহিংসতা, নারী ও শিশু নির্যাতন এবং হত্যার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করারও আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া মাদ্রাসাসহ সব ধর্মভিত্তিক প্রতিষ্ঠানে নজরদারির জন্য সুস্পষ্ট কাঠামো তৈরি, সব ধরনের মৃত্যু ও নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সহিংসতার শিকার ব্যক্তি, তাঁদের পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগীদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধির জন্য জেন্ডার সংবেদনশীলতা, নারীর মানবাধিকার ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ এবং জবাবদিহির ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।
নারী ও শিশু নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার দাবি জানিয়েছে আমরাই পারি জোট।
জোটের ভাষ্য, নারী ও শিশুর জীবন, নিরাপত্তা ও মর্যাদার ওপর ধারাবাহিক সহিংসতা বন্ধে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
































