তারেক রহমানের স্বপ্ন ভেস্তে গেল: ওবায়দুল কাদের

- সর্বশেষ আপডেট ০২:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 1305
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অংশগ্রহণকে ঘিরে প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রথম উপস্থিতিতেই তারেক রহমান ‘চরম উপেক্ষিত’ হওয়ার অনুভূতি পেয়েছেন। তাঁর ভাষ্য, আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ও বার্তার ধরন বুঝতে প্রধানমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠদের স্পষ্ট ধারণা নেই।
ওবায়দুল কাদের দাবি করেন, বাংলাদেশ বোয়িংয়ের উড়োজাহাজ কেনার ঘোষণা দেওয়ার পর সরকারের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এতে সন্তোষ প্রকাশ করে তারেক রহমানকে ধন্যবাদ জানানোর পর সরকার এটিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ওই ঘটনায় সরকার ধরে নিয়েছিল, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ এখন কেবল সময়ের ব্যাপার। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হওয়ার আগেই তা ভেস্তে গেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন।
এর আগে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছিলেন ট্রাম্প। ওই চিঠিতে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার কথাও জানিয়েছিলেন তিনি।
তবে ওবায়দুল কাদেরের দাবি, প্রত্যাশিত কূটনৈতিক সাফল্য অর্জনের আগেই সরকারের সেই স্বপ্ন ভেস্তে গেছে। ভবিষ্যতে এ বিষয়ে আরও কী অপেক্ষা করছে, তা দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।






























