‘গণভোটের রায় না মানলে নির্বাচনী ব্যবস্থায় আস্থা হারাবে জনগণ’
- সর্বশেষ আপডেট ০৯:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 36
গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দাবি আদায়ে প্রয়োজন হলে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালানো হবে।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক তিন দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় সংসদে বাস্তবায়ন হলে তা স্বাগত জানানো হবে। তবে তা না হলে আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে। জনগণের রায়ের সঙ্গে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম-সংক্রান্ত কমিশন এবং নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় এসে আগের কাঠামোই বহাল রাখা হয়েছে। এ কারণেই গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে নিহতদের শুধু আর্থিক সহায়তা দিলেই দায়িত্ব শেষ হয় না। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার এবং বিরোধী দল—উভয়ই জুলাই আন্দোলনের ফসল বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক অপসংস্কৃতি থেকে পুরোপুরি মুক্ত করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, গণরুম ও গেস্টরুম সংস্কৃতির অবসান হয়েছে, তা আর ফিরে আসতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বক্তব্য দেন।
































