ঢাকা-চট্টগ্রাম ও মাওয়া মহাসড়কে এআই ক্যামেরার নজরদারি

- সর্বশেষ আপডেট ০৪:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 355
অপরাধ দমন, মাদক চোরাচালান প্রতিরোধ এবং নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ও সিসিটিভি নজরদারি চালু করেছে সরকার। পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও একই ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সোমবার হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পুরো সড়ক সিসিটিভি নজরদারির আওতায় এসেছে। একই ধরনের প্রযুক্তি ঢাকা-মাওয়া মহাসড়কেও চালু হয়েছে।
তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে দুই মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হাইওয়ে পুলিশ। ঢাকা-মাওয়া মহাসড়কের এআই ক্যামেরাগুলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় স্থাপন করা হয়েছে। এগুলোর আনুষ্ঠানিক দায়িত্ব হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রক্রিয়া চলছে। তবে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।
ফারুক আহমেদ বলেন, আধুনিক এই প্রযুক্তি ডাকাতি, মাদক পাচারসহ মহাসড়ককেন্দ্রিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনায়ও সহায়ক হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এআই ক্যামেরা প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং শিগগিরই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
তিনি আরও জানান, দেশের অন্যান্য মহাসড়কেও পর্যায়ক্রমে এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহি বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং জোরদারের মাধ্যমে মহাসড়ক ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৭ জুলাই দায়িত্ব নেওয়া অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ বলেন, আগামী দুই মাসের মধ্যে মহাসড়ককে চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ সময়ের পর পুলিশের সদস্যদের বিরুদ্ধে যানবাহন থেকে অর্থ আদায়ের অভিযোগও থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমানে সারা দেশে হাইওয়ে পুলিশের ৭৩টি থানা রয়েছে। ভবিষ্যতে থানার সংখ্যা ও জনবল বাড়ানোর পাশাপাশি সদস্যদের দক্ষতা উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে।































