আবার গ্রেপ্তার রিজেন্টের সাহেদ
- সর্বশেষ আপডেট ০৩:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 128
রাজধানীর ইসিবি চত্বর থেকে রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ করিমকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পল্লবী থানার একটি মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়।
রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ করিমকে সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পল্লবী থানায় দায়ের হওয়া একটি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে।
পল্লবী থানা পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির। তিনি জানান, এ ঘটনায় পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ড দেন।
কোভিড-১৯ মহামারির সময় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় র্যাবের অভিযানে ভুয়া করোনা পরীক্ষার সনদ, চিকিৎসার নামে অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ সামনে আসে। ওই ঘটনার পর আত্মগোপনে গেলে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।


































