ডিসেম্বরে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

- সর্বশেষ আপডেট ০৪:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 186
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়েই টার্মিনালটি চালুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২০ জুলাই) সিভিল অ্যাভিয়েশন ও এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক এক কর্মশালায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের কাছে দেওয়ার বিষয়ে চুক্তি হতে পারে।
তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে এ বছরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এন্টি-ড্রোন সিস্টেম কেনার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় বিমানবন্দর এলাকায় গণমাধ্যমকর্মীদের ড্রোন না ওড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
বেবিচক জানায়, দেশে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা চালু হওয়ায় সমুদ্রসীমার ওপর দিয়ে চলাচলকারী বিদেশি উড়োজাহাজ থেকে ফ্লাইট চার্জ বাবদ প্রতিবছর রাজস্ব আয় প্রায় ৮ শতাংশ বাড়তে পারে।
কর্মশালা শেষে অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান।
































