লিজে বন্ধ পাটকল চালুর উদ্যোগ
- সর্বশেষ আপডেট ১০:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 20
রাষ্ট্রায়ত্ত বন্ধ পাটকলগুলো লিজের মাধ্যমে পুনরায় চালুর পরিকল্পনা করছে সরকার। সংসদে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, বেসরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে একাধিক মিল চালু হয়েছে এবং উৎপাদনও শুরু হয়েছে।
রোববার জাতীয় সংসদে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে ধাপে ধাপে লিজের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালু করা হচ্ছে। এরই মধ্যে ১৪টি পাটকল লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এসব মিল থেকে বর্তমানে উৎপাদন চলছে এবং কয়েক হাজার শ্রমিক কর্মরত আছেন।
তিনি জানান, লিজপ্রাপ্ত মিলগুলোতে প্রতিদিন প্রায় ১২০ মেট্রিক টন পাটপণ্য উৎপাদিত হচ্ছে। আরও ছয়টি পাটকল লিজ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজেএমসির অধীন নরসিংদীর তিনটি পাটকল এই উদ্যোগের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জুট মিলস লিমিটেড এবং ইউএমসি জুট মিলস লিমিটেড ইতোমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় চালু করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ জুট মিলস লিমিটেডে দৈনিক প্রায় ৪০ মেট্রিক টন পাটপণ্য উৎপাদন হচ্ছে। ইউএমসি জুট মিলস লিমিটেডে বর্তমানে সোয়েটার উৎপাদন কার্যক্রম চলছে। এসব মিল মিলিয়ে প্রায় ৩ হাজার ৬০০ শ্রমিক কর্মরত আছেন।
সরকারের এই উদ্যোগে বন্ধ শিল্প আবার চালুর পাশাপাশি কর্মসংস্থান বাড়ছে বলেও সংসদে উল্লেখ করা হয়।




































