ডামুড্যায় দোকান লিজের বকেয়া আদায়ে নোটিশ
- সর্বশেষ আপডেট ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 14
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পাশের সরকারি জায়গায় নির্মিত দোকানঘরের লিজের বকেয়া রাজস্ব আদায়ে নোটিশ জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে লিজের অর্থ পরিশোধ না করায় সংশ্লিষ্ট লিজগ্রহীতাদের আগামী ২৪ আগস্টের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে লিজ বাতিল করা হবে বলে জানিয়েছে জেলা রেজিস্ট্রারের কার্যালয়।
ডামুড্যা উপজেলা সাব-রেজিস্ট্রার শীবেন্দু মজুমদারের স্বাক্ষর করা নোটিশ সূত্রে জানা গেছে, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পাশের সরকারি রাস্তা সংলগ্ন প্রায় তিন শতাংশ জমিতে ১২টি টিনের দোকানঘর নির্মাণ করে বিভিন্ন ব্যক্তির নামে লিজ দেওয়া হয়। লিজগ্রহীতাদের মধ্যে রয়েছেন মো. নুর মোহাম্মদ রাড়ী, মো. সিরাজুল ইসলাম বেপারী, মো. মিজানুর রহমান, আ. রশিদ ছৈয়াল, মো. আতাউর রহমান উকিল, আমির হোসেন সরদার, মো. সিরাজ বেপারী, মো. মোসলেম ছৈয়াল, মো. মোক্তার হোসেন মিয়া, আব্দুর রহমান মুন্সী ও আ. সামাদ হাওলাদার।
নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট লিজগ্রহীতারা গত পাঁচ বছর ধরে লিজের অর্থ পরিশোধ করেননি। এ কারণে জেলা রেজিস্ট্রারের নির্দেশে চলতি মাসের ১০ তারিখ বকেয়া রাজস্ব পরিশোধের জন্য তাদের নোটিশ দেওয়া হয়।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, লিজের মাধ্যমে দোকান বরাদ্দ পাওয়া ব্যক্তিদের অনেকে নিজেরা ব্যবসা না করে অন্য ব্যবসায়ীদের কাছে তুলনামূলক বেশি ভাড়ায় দোকানগুলো দিয়ে রেখেছেন। তাদের দাবি, বকেয়া পরিশোধ না করলে লিজ বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে দোকানগুলো নতুন করে বরাদ্দ দেওয়া হলে সরকারি রাজস্ব আদায়ের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও উপকৃত হবেন।
এদিকে ‘মোসাদ্দেক হোসাইন মেহেদী’ নামে এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জেলা রেজিস্ট্রারের নোটিশটি প্রকাশ করার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। পোস্টটির মন্তব্যের ঘরে অনেকে এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন। তবে সংশ্লিষ্ট লিজগ্রহীতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিষয়টি নিশ্চিত করতে জেলা রেজিস্ট্রার হেলেনা পারভীনের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগামী ২৪ আগস্ট পর্যন্ত বকেয়া লিজের অর্থ পরিশোধের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বকেয়া পরিশোধ করবেন না, তাদের লিজ বাতিল করা হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সাব-রেজিস্ট্রি অফিসটি সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে ফেলা হলে সংশ্লিষ্ট সব ধরনের লিজ বাতিল করা হবে।































