৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য নেই
- সর্বশেষ আপডেট ০৪:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 7
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই কারা কর্তৃপক্ষের কাছে নেই বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
কারা মহাপরিদর্শক বলেন, ২০২৪ সালে বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ বন্দি পালিয়ে যান। এর মধ্যে এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন। নরসিংদী কারাগার থেকে পালানো ৮২৬ বন্দির মধ্যে ১৬৬ জনের তথ্য কারা কর্তৃপক্ষের কাছে নেই।
তিনি জানান, কারাগার থেকে নয়জন জঙ্গি বন্দিও পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ছয়জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন এখনো পলাতক।
কারা মহাপরিদর্শক বলেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে। ফলে আবাসন সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত বন্দির কারণে জঙ্গি বন্দিদের আলাদাভাবে রাখাও কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, কারা ব্যবস্থাপনার লক্ষ্য শুধু বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করা নয়; বরং সংশোধন, পুনর্বাসন এবং কারা কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও কল্যাণকে গুরুত্ব দিয়ে আধুনিক কারা ব্যবস্থা গড়ে তোলা।
কারাগারে স্বচ্ছতা বাড়াতে গত ২৪ জুন থেকে ময়মনসিংহ জেলা কারাগারে ‘ক্যাশলেস’ কার্যক্রম চালু হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি কারা প্রশাসনের সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ের কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে।
জনবল সংকট নিরসনে ১ হাজার ৮৯৯টি নতুন পদ অনুমোদন করা হয়েছে। আরও ১ হাজার ৫০০ পদের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, মেধা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত বন্দির চাপ কমাতে নতুন কারাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দুটি কেন্দ্রীয় ও আটটি জেলা কারাগার চালু করা হয়েছে বলেও জানান তিনি।


































