নারীদের জন্য পিংক বাস সার্ভিস শুরু
- সর্বশেষ আপডেট ০১:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 167
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে তিন শহরে পৃথক ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই পিংক বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই বাস সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণও বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।
বিআরটিসি সূত্র জানিয়েছে, কর্মজীবী নারীসহ সাধারণ নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের বিষয়টি বিবেচনায় রেখে নতুন এই সার্ভিস পরিচালনা করা হবে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে সেটি নিয়মিতভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। এবার নতুন করে পিংক বাস সার্ভিস চালুর ফলে নারী যাত্রীদের জন্য গণপরিবহনে নিরাপদ যাতায়াতের সুযোগ আরও বাড়বে বলে আশা করছে বিআরটিসি।





























