৮ বছর ধরে জলাবদ্ধতার দুর্ভোগে রসুলপুরবাসী

- সর্বশেষ আপডেট ০৩:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 194
ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী রোড সংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম এলেই হাঁটুপানিতে তলিয়ে যায় সড়ক ও আশপাশের এলাকা। এতে প্রায় আট-নয় বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, হাজী রোড এলাকায় পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেন বা কালভার্ট না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। বর্ষাকালে বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর পর্যন্ত পানিতে ডুবে থাকে। এতে গবাদিপশু পালন ও দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাত। স্থানীয়দের দাবি, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকার প্রায় ৭৫ শতাংশ কৃষিজমি বছরের দীর্ঘ সময় পানিতে ডুবে থাকে। ফলে গত আট-নয় বছর ধরে এসব জমিতে নিয়মিত চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এতে শত শত কৃষক কর্মহীন হয়ে পড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে।
জলাবদ্ধতার কারণে স্থানীয় ব্র্যাক তুলাতুলি প্রাথমিক বিদ্যালয় ও একটি নূরানী মাদ্রাসার শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। হাঁটুপানি পেরিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে হচ্ছে। অনেক শিক্ষার্থী ও শিক্ষক নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারছেন না।
ব্র্যাক স্কুলের শিক্ষিকা তানিয়া আক্তার বলেন, ‘জলাবদ্ধতার কারণে নিয়মিত অনেক শিক্ষার্থী স্কুলে আসতে পারছে না। শিক্ষকদেরও পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।’
হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আক্তার হোসাইন বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ক্লাসে আসতে পারছে না। অনেকে পানিতে ভিজে মাদ্রাসায় এসে আবার ক্লাস না করেই বাড়ি ফিরে যায়। এতে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, সড়ক ও আশপাশের এলাকা পানিতে ডুবে থাকায় শিশু ও বয়স্কদের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় পানি নিষ্কাশনে কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের।
দুর্ভোগে থাকা ২৫-৩০টি পরিবারের পক্ষ থেকে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবিতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে হাজী রোড এলাকায় প্রয়োজনীয় ড্রেন ও কালভার্ট নির্মাণের পাশাপাশি কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্থানীয়রা এ সংকট সমাধানে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ বলেন, ‘লিখিত অভিযোগটি পাওয়া গেছে। দ্রুত পানি অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’


































