ভিএফএস গ্লোবালের সহায়তায় সাভারে দ্বিতীয় ‘স্কুল অব হোপ’ চালু
- সর্বশেষ আপডেট ০২:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 17
সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ বাড়াতে ভিএফএস গ্লোবালের সহযোগিতায় সাভারে দ্বিতীয় ‘স্কুল অব হোপ’ উদ্বোধন করেছে হোপ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ।
১৬ আগস্ট ২০২৬ সাভারে নতুন স্কুলটির উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা ও সামাজিক সহায়তা দেওয়ার কার্যক্রম আরও সম্প্রসারিত হলো। এর আগে ২০১৫ সালের নভেম্বরে আশুলিয়ায় প্রথম ‘স্কুল অব হোপ’ চালু করা হয়।
বর্তমানে দুটি স্কুলে ৩০০-এর বেশি শিশু বিনামূল্যে প্রাথমিক শিক্ষা পাচ্ছে। শিক্ষার্থীদের অধিকাংশই তৈরি পোশাক খাতের শ্রমিকদের সন্তান। পড়াশোনার পাশাপাশি তারা শিক্ষা উপকরণ, পুষ্টিকর দুপুরের খাবার, নিয়মিত চিকিৎসা ক্যাম্প, কম্পিউটার শিক্ষা এবং ডিজিটাল লার্নিংয়ের সুযোগ পাচ্ছে।
এ কর্মসূচির আওতায় স্থানীয় ২৪০ নারী ও যুবককে বিনামূল্যে বৃত্তিমূলক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাদের কর্মদক্ষতা বাড়িয়ে টেকসই জীবিকার সুযোগ তৈরিতে সহায়তা করা হচ্ছে।
হোপ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মার্টিন অনিমেষ ব্যাপারি বলেন, শিক্ষাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেন। ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারিত্বের ফলে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এর সুফল শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার ও স্থানীয় সমাজও পাবে।
ভিএফএস গ্লোবালের সহযোগিতায় ভবিষ্যতে স্কুল দুটিতে নতুন আইটি ল্যাব স্থাপনের পাশাপাশি কাব স্কাউট, কারাতে, অঙ্কন, নৃত্য ও সংগীতের মতো সহপাঠ্যক্রমিক কার্যক্রম চালু ও সম্প্রসারণ করা হবে।
ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়া অঞ্চলের চিফ অপারেটিং অফিসার রুমি তলওয়ার বলেন, দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম শিক্ষা। শিশু ও যুবকদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে ক্ষমতায়নের যে লক্ষ্য ভিএফএস গ্লোবালের রয়েছে, এই উদ্যোগ তারই অংশ।
অনুষ্ঠানে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনসহ হোপ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ ও ভিএফএস গ্লোবালের প্রতিনিধিরা এবং কর্মসূচির সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উদ্যোগটির প্রশংসা করে বলেন, প্রাথমিক শিক্ষায় সহায়তা দেওয়ার এ উদ্যোগ ব্যতিক্রমী ও প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
হোপ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থা ‘হোপ ওয়ার্ল্ডওয়াইড’-এর সদস্য প্রতিষ্ঠান। ২০০৮ সালে বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক সহায়তা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংস্থাটি ঢাকায় পোশাকশ্রমিক ও তাদের পরিবারের জন্য চারটি কেন্দ্র পরিচালনা করছে। এসব কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর প্রায় ১ হাজার ৩০০ যুবক-যুবতীকে স্পোকেন ইংলিশ, কম্পিউটার, সেলাই ও পোশাক তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি পোশাকশ্রমিকদের প্রায় ৫৬০ সন্তান শিক্ষা ও গৃহশিক্ষার সুযোগ পাচ্ছে।
অন্যদিকে, ভিএফএস গ্লোবাল বিভিন্ন দেশের সরকার ও কূটনৈতিক মিশনকে ভিসা, পাসপোর্ট ও কনস্যুলার সেবা-সংক্রান্ত আবেদন প্রক্রিয়াকরণ ও প্রশাসনিক কাজে সহায়তা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বিশ্বের ৭১টি দেশের সরকারের অংশীদার হিসেবে ১৬৯টি দেশে ৪ হাজার ২০০টির বেশি সেন্টার পরিচালনা করছে।
হোপ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ ও ভিএফএস গ্লোবাল সুবিধাবঞ্চিত শিশু ও যুবকদের জন্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের সুযোগ তৈরিতে যৌথভাবে কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।































