লিবিয়া থেকে আগস্টে ফিরলেন ৫১৪ বাংলাদেশি
- সর্বশেষ আপডেট ১১:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 5
লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।
এর আগে গত ৭ আগস্ট লিবিয়া থেকে ৩৪০ বাংলাদেশি দেশে ফেরেন। ফলে আগস্ট মাসে দুই দফায় লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে মোট ৫১৪ বাংলাদেশি দেশে ফিরলেন।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের নিরাপদে দেশে ফেরানো হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশে ফেরা এসব বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় লিবিয়ার উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়। এর মধ্যে অনেকেই দীর্ঘদিন গ্যানফুদা ডিটেনশন সেন্টারে ছিলেন।
পরিচয় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
ঢাকায় পৌঁছানোর পর প্রত্যাবাসিত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অসুস্থ ১৫ জনের শারীরিক অবস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক থাকা বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। প্রত্যাবাসন প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।



































