গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, ৭২ বাংলাদেশি
- সর্বশেষ আপডেট ১১:৩৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 5
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে মাত্র ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া অভিবাসীদের বড় একটি অংশ বাংলাদেশ ও সুদানের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়ার উপকূল থেকে কয়েকটি নৌকায় করে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছেছেন। অল্প সময়ে বিপুলসংখ্যক মানুষের আগমনে দ্বীপটির অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা ও আশ্রয়কেন্দ্রগুলোর ওপর চাপ বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের আইয়েরাপেত্রা উপকূলের কাছে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকা শনাক্ত করে। পরে গ্রিক কোস্ট গার্ড ও একটি স্থানীয় মাছ ধরার নৌকা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়। সেখানে তাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া চলছে।
এর কয়েক ঘণ্টা আগেই পৃথক দুটি নৌকা থেকে আরও ১১২ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন।
অন্য নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক বলে জানা গেছে।
উদ্ধার হওয়া অভিবাসীদের সবাইকে পরে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ক্রিট দ্বীপে অভিবাসীদের আগমন সাম্প্রতিক সময়ে বাড়তে থাকায় কেন্দ্রটি অস্থায়ীভাবে তাদের আশ্রয় ও ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হচ্ছে।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে ক্রিট। ফলে দ্বীপটির উপকূলে নিয়মিতভাবেই অভিবাসীবাহী নৌকা শনাক্ত ও উদ্ধারের ঘটনা ঘটছে।



































