রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের রিট খারিজ
- সর্বশেষ আপডেট ০৩:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 79
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
এর আগে গত বৃহস্পতিবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে সোমবার রিটের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।
রিটকারী আইনজীবীর যুক্তি ছিল, এই বিধানের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ সীমিত হয় এবং তাদের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীন মতপ্রকাশ বাধাগ্রস্ত হয়।
রিটে একই সঙ্গে ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন।





























