দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ
- সর্বশেষ আপডেট ০৪:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 127
‘রূপালী মৎস্য, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সফল মৎস্যচাষে বিশেষ অবদানের জন্য তিনজন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। তারা হলেন; দীঘিনালা ইউনিয়নের হেডম্যানপাড়ার চিম চিম চাকমা, মেরুং ইউনিয়নের উত্তর রশিকনগরের মো. হাতেম আলী এবং বোয়ালখালী ইউনিয়নের পোমাং পাড়ার ঝিনু রায় পোমাং।
এ ছাড়া জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। তারা হলেন দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ক্রিস্টিনা চাকমা ও সপ্তর্ষি বড়ুয়া নিশি এবং দীঘিনালা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিতা চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরত কুমার ত্রিপুরা ও সাবেক প্রেসক্লাব সভাপতি সোহেল রানা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে হবে। এতে দেশের পুষ্টি নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। সফল মৎস্যচাষীদের স্বীকৃতি ও পুরস্কার প্রদান অন্যদেরও আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করবে।






























