প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা
- সর্বশেষ আপডেট ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 255
ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠায় ইনামুল মোল্লা (২৬) নামে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।
ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। পাশাপাশি তিনি বোয়ালমারী বাজারের মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত।
দলীয় ও স্থানীয় সূত্রের দাবি, কুশডাঙ্গা গ্রামের কুটিপাড়া এলাকার এক নারীর সঙ্গে ইনামুলের দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল। ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। সম্প্রতি বিষয়টি উভয় পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগের বিষয়ে ইনামুল মোল্লার বক্তব্য জানতে তার দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দুটিই বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে ইনামুলের কর্মস্থল মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, কয়েক দিন আগে ওই নারীর স্বামী বিদেশ থেকে তাকে ফোন করে ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অভিযোগ করেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়েও জানতে চান তিনি। তবে রেজাউল করিম জানান, অভিযোগটি সম্পর্কে আগে তার জানা ছিল না।
বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অনৈতিক বা অপকর্মের দায় জামায়াতে ইসলামী বহন করবে না।

































