গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে ধরা জামায়াত নেতা, বেধড়ক পিটুনি
- সর্বশেষ আপডেট ০১:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 4
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে জামায়াতের এক স্থানীয় নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন প্যাদা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
স্থানীয় সূত্রে জানা যায়, এক গৃহবধূর সঙ্গে ফারুক হোসেনের সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তুলে কয়েকজন তাকে আটক করে মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে ফারুক হোসেন প্যাদা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির কয়েকজনের সঙ্গে পূর্ব থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। হামলার সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ফারুক বলেন, তার বিরুদ্ধে ছড়ানো অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পূর্বশত্রুতার কারণেই তাকে মারধর করে অপপ্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে, অভিযুক্ত গৃহবধূর শাশুড়ির দাবি, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিভিন্নভাবে বিরক্ত করতেন এবং টাকা-পয়সার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি নিয়ে এর আগেও স্থানীয়ভাবে সালিশ হয়েছিল বলেও তিনি জানান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
































